দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম।
বুধবার দুপুরে চট্টগ্রামের পটিয়ার আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে "সবুজ ভবিষ্যতের জন্য নবায়নযোগ্য জ্বালানি" শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো শুধু পরিবেশ রক্ষার জন্য নয়, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে শিক্ষার্থীদের এখন থেকেই সচেতন হওয়ার পাশাপাশি গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে ভবিষ্যতের জ্বালানি খাতে নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিতে হবে।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত নরওয়ে দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সাইয়েদ মুনতাসির বায়েজিদ, বার্সেলোনার অটোনোমাস ইউনিভার্সিটির প্রতিনিধি লিনিয়া ডাল এবং নরওয়ে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এনটিএনইউ) অধ্যাপক হেনরিক ইংমো।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে গার্ড অব অনার ও সংবর্ধনা দেওয়া হয়। অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
সেমিনারে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ সংরক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা হয়। বক্তারা পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বৃদ্ধি, কার্বন নিঃসরণ কমানো এবং পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসারে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম তোহার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. নুরুল আমিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, বিদ্যালয়ের শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
সেমিনার শেষে অতিথিরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর আহ্বান জানান।
যে আই